নির্বাচনী সহিংসতা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ০০:২৬ এএম
চট্টগ্রাম-১০ আসনের একটি কেন্দ্রে কালো জ্যাকেট পরা যুবক গুলি ছুড়ছেন। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনের সহিংসতায় রবিবার (৭ জানুয়ারি) দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নিহত হয়েছেন এক নৌকা প্রার্থীর সমর্থক ও আওয়ামী লীগ নেতা। কুমিল্লার দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধস্তাধস্তিতে নৌকার এক সমর্থকের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দিনভর সংঘর্ষে বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলীতে সংঘর্ষের সময় শামীম আজাদ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি ছুড়তে দেখা যায়। নারায়ণগঞ্জের আড়াইহাজার, সোনারগাঁ, ফতুল্লা, নরসিংদী, পাবনার ঈশ্বরদী, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এ ছাড়াও রাজধানীর হাজারীবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ভোটের দিন রাজধানীর আইনশৃঙ্খলা ছিল স্বাভাবিক। রাস্তায় ও ভোটকেন্দ্রে ছিল পুলিশ, বিজিবি, র্যাবের সতর্ক পাহারা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল সেনাবাহিনী।
মুন্সীগঞ্জে শ্রমীক লীগ নেতাকে হত্যা
মুন্সীগঞ্জ-৩ আসনের মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় ভোট চলাকালে নৌকার সমর্থক ও শ্রমিক লীগের মিরকাদিম পৌর শাখার সহসভাপতি জিল্লুর রহমানকে (৪২) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের হাজী মো. ফয়সাল বিপ্লবের সমর্থক মিরকাদিম পৌরসভার কাউন্সিলর লিটনের নেতৃত্বে হামলা হয় বলে জানান মিজানের স্বজনরা। মিরকাদিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রবিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। গত পৌর নির্বাচনের পর লিটনের ছেলে ঝলক খুন হয়। ওই খুনের মামলায় জিল্লুর ছিলেন আসামি। জিল্লুরের স্ত্রী রেহেনা বেগম বলেন, সাবেক মেয়র শাহীন ও কমিশনার লিটনের লোকজন আমার স্বামীকে হত্যা করেছে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে ধ্বস্তাধস্তিতে নৌকার সমর্থকের মৃত্যু
কুমিল্লা-৪ আসনে নোয়াব আলী নামে এক নৌকার সমর্থকের মৃত্যু হয়েছে। ভোট দিয়ে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে তার মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা। রবিবার সকালে গুনাইঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৭৭ নম্বর কাশারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে জুয়েল রানা জানান, তার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পর সেলিম মাস্টারের সঙ্গে ভোট দেওয়া নিয়ে কথা বলেন। দুইজনেই কিছু বিষয় নিয়ে তর্ক করেন। এ সময় শাহ আলম নামের স্থানীয় একজন এসে বাবাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বারের নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর বিষয় নিশ্চিত বলা যাবে।
চট্টগ্রামে পুলিশ-বিজিবি-বিএনপি দিনভর সংঘর্ষ
চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁও এলাকায় দিনভর বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ হয়েছে। রবিবার সকালে মৌলভী পুকুরপাড়ে সংঘর্ষ শুরু হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিজিবির একটি টহল দল ধাওয়া দেয়। এরপর থেমে থেমে চলতে থাকে ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন দলটির নেতাকর্মীরা। পরে গুলি ছোড়ে পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষ এক কিলোমিটার দূরে সিঅ্যান্ডবি মোড় পর্যন্ত ছড়িয়ে যায়।
প্রকাশ্যে গুলি ছুড়ে আলোচনায় শামীম
চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্র দখল ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কালো জ্যাকেট পরিহিত এক যুবককে গুলি ছুড়তে দেখা গেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে। গুলি ছোড়া ওই যুবকের নাম শামীম আজাদ বলে নিশ্চিত করে পুলিশ।
আড়াইহাজারে আ.লীগ-জাপা সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জ-২ আসনে নৌকা ও লাঙ্গলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার এবং পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হন। রবিবার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্র বাতিল করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০-৬০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা
গাইবান্ধার পলাশবাড়ীতে দৈনিক ভোরের ডাকের সাংবাদিক ইমরুল কাওসার ইমনের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাইবান্ধা পলাশবাড়ী সড়কের খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
টাঙ্গাইলে ব্যালট বাক্সে আগুন
টাঙ্গাইলের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছেন। রবিবার বিকালে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনার পর ফলাফল স্থগিত করা হয়েছে।
রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ওপর হামলা
লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খানের কর্মীদের বিরুদ্ধে অতর্কিত হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগ উঠেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কমিটির সদস্য সচিব আওয়ামী লীগ নেতা শামছুল হক মিজান ও তিন সংবাদকর্মীসহ ৬ জন আহত হয়েছেন। রবিবার লক্ষ্মীপুর-১ আসনের ইছাপুর ইউনিয়নের পূর্ব সোন্দড়া ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
মোরেলগঞ্জে ককটেল ও অস্ত্র উদ্ধার
মোরেলগঞ্জ উপজেলায় তিনটি ককটেল ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টায় বনগ্রাম ইউনিয়নের সেঞ্চুরি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের অদূরে বাগানের ভেতর এগুলো পুলিশ উদ্ধার করে বলে জানান ইউনিয়ন চেয়ারম্যান রিপন চন্দ্র দাস।
হবিগঞ্জে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ
হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় শায়েস্তানগর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। গত শনিবার রাত ৯টা থেকে এসব ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ অবস্থায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নবীনগরে ভাইস চেয়ারম্যান আহত
নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত এমপি এবাদুল করিম বুলবুল গ্রুপের সমর্থক।
মাদারীপুরে বাড়িঘরে অগ্নিসংযোগ, আহত ১০
মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় সহিংসতায় উভয়পক্ষের কমপক্ষে ১০টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত দফায় দফায় এ সহিংসতার ঘটনা ঘটে।
ফতুল্লায় ২১ বিএনপি নেতার নামে মামলা
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনসহ ২১ জনের নাম উল্লেখ্সহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে গত শনিবার রাতে ফতুল্লা থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম মামলা করেন।
পটুয়াখালীতে লাঙ্গল মার্কার সমর্থকদের ওপর হামলা
পটুয়াখালীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের ভাই অ্যাডভোটে কামাল হোসেনর নেত্বত্বে লাঙ্গল মার্কার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাঙ্গল মার্কার ৫ সমর্থক ও এবিএম রুহুল আমিন হাওলাদারের পিএস সোহেল আহত হয়েছেন।
কালকিনিতে ব্যালট পেপারের নৌকায় সিল
মাদারীপুরের কালকিনিতে ব্যালেট পেপারের নৌকায় প্রকাশ্যে সিল দিয়ে বাক্সে ভরার অভিযোগ ওঠায় একটি কেন্দ্রে সাময়িক বন্ধ করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুনরায় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
চান্দিনায় আগে থেকেই নৌকায় সিল
কুমিল্লা-৭ আসনে নৌকা প্রতীকে আগে থেকে সিল মারার ঘটনা ঘটেছে। ভোটগ্রহণ শুরু থেকে বেশ কয়েকটি কেন্দ্রে এমন ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ব্যালটে নৌকা প্রতীকে আগে থেকেই সিল মারা এমন তিনটি কেন্দ্রের ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা
বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান শ্যামলের ওপর হামলার ঘটনা ঘটছে। সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার জন্য নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন।
বরিশালে বাসে অগ্নিসংযোগ
নগরীর ত্রিশ গোডাউন এলাকায় পার্কিং করা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ভোটের দিন ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা। এ ছাড়াও নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিসেও অগ্নিসংযোগ করা হয়।
জামালপুরে সংঘর্ষ ও গুলি, আহত ১২
জামালপুরেরে ইসলামপুরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। জামালপুর-২ ইসলামপুর আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মারার অভিযোগ করেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদ।
সরিষাবাড়ীতে নৌকা ও ট্রাক সমর্থকদের সংঘর্ষ
জামালপুরের সরিষাবাড়ীতে সাতপোয়া ইউনিয়নে চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।