কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ২১:৪৮ পিএম
কুচকুচে কালো ডিম দিচ্ছে পাতিহাঁস। দুই দিন দুটি ডিম দিয়েছে দেশি জাতের হাঁসটি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইব্রাহিম আলীর এই হাঁস দেখতে দৈনিক ভিড় করছেন এলাকার মানুষ।
প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, হাঁসটির জরায়ুতে সমস্যার কারণে ডিম কালো হতে পারে।
হাঁসের মালিক ইব্রাহিম কুড়িগ্রাম মজিদা কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ছয় মাস আগে শ্বশুরবাড়ি থেকে পাঁচটি হাঁস উপহার পান তিনি। পড়ালেখার পাশাপাশি বাড়িতে এগুলো দেখভাল করেন ইব্রাহিম ও তার স্ত্রী।
গত শনিবার (২৯ অক্টোবর) সকালে কুচকুচে কালো ডিম দেখে অবাক হন ইব্রাহিম। পরের দিনও কালো ডিম দেয় হাঁসটি। খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীসহ আশপাশের লোকজন কালো ডিম দেখতে ছুটে আসেন তার বাড়িতে।
ইব্রাহিম বলেন, ‘স্ত্রী রেহেনাসহ ছয় মাস ধরে খুব যত্নে প্রতিপালন করছি দেশি জাতের পাঁচটি হাঁস। এগুলোর মধ্যে একটি পুরুষ। হাঁসগুলো শ্বশুরবাড়ি থেকে উপহার দিয়েছিল। দুটি কালো রংয়ের হাঁস আছে। স্বাভাবিক খাবার দেওয়া হয় তাদের। শনিবার সকাল থেকে একটি হাঁস ডিম দেয়। রবিবার বাড়ির অন্যান্য সদস্যরা মিলে কৌতূহল নিয়ে ডিমটি বের করি আমরা। ওই দিনও কালো ডিম দেয় হাঁসটি।’
ডিম দেখতে আসা ৭০ বছর বয়সী মোজাহার আলী বলেন, ‘জীবনে প্রথম কালা ডিম দেখলাম। কিছু বুঝতে পারছি না। অনেকে আসতেছে দেখতে। সবাই দেখে যাচ্ছে।’
ডিমের রং কালো হওয়ার খবর পেয়েছেন নাগেশ্বরী উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আশিকুজ্জামান। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটি বিরল ঘটনা। হাঁসের জরায়ুতে ইনফেকশন বা কম মাত্রার পিগমেন্টের কারণে এমন হতে পারে।’
প্রবা/রাই/টিকে