নির্বাচনী সহিংসতা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ২২:৫১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ২২:৫৬ পিএম
রাজশাহীতে এক রাতে তিন উপজেলার অন্তত সাতটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে । প্রবা ফটো
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার (৫ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র ও নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়েছে ককটেল। এ ছাড়া প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রাজশাহীতে ৭টি ভোটকেন্দ্রে আগুন
রাজশাহীতে গত বৃহস্পতিবার রাতে সাতটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাঘার আড়ানী ইউনিয়নের ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও মনিগ্রাম ইউনিয়নের জোতনশী প্রাথমিক বিদ্যালয়, বাঘা পৌরসভা এলাকার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজুবাঘা ইউনিয়নের বাগশায়েন্তা প্রাথমিক বিদ্যালয় ও চক রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বাগমারার গণিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চবিদ্যালয় ও মোহনপুর উপজেলার মতিহার উচ্চবিদ্যালয়ে একই কায়দায় আগুন দেওয়া হয়।
মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান জানান, তার স্কুলের একটি কক্ষে পেট্রোল বা কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ওই কক্ষের বেঞ্চগুলো পুড়ে যায়।
বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, বাঘার আড়ানী ইউনিয়নের ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও মনিগ্রাম ইউনিয়নের জোতনশী প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এর বাইরেও কিছু কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবে তা সফল হয়নি। তিনি দাবি করেন, এতে নির্বাচনের দিন ভোটগ্রহণে কোনো প্রভাব পড়বে না।
বাগমারার ইউএনও বলেন, আক্কেলপুর উচ্চবিদ্যালয়ে রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ককটেল বিস্ফোরণ করা হয়। একই কেন্দ্রে বোমাসদৃশ দুইটি বস্তু পাওয়া গেছে। র্যাবের একটি টিম তা পরীক্ষা-নিরীক্ষা করছে।
সোনাগাজীতে ভোটকেন্দ্রে আগুন
ফেনীর সোনাগাজীর একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতরে শিক্ষকদের কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, এটি বুথের ভেতরে নয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ জানান, স্কুলের অডিট চলাকালে প্রধান শিক্ষক জয়নাল আবদীনকে অব্যাহতি দেন সভাপতি ডা. আবদুল হক। এ নিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধেও এই ঘটনা ঘটতে পারে।
সোনাগাজী-দাগনভূঞা সার্কেল এএসপি তসলিম হুসাইন বলেন, শুক্রবার ভোরে ৯৯৯-এ একটি কল আসে চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে আগুন লাগার বিষয়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। এ সময় একটি প্লাস্টিকের বোতলে পেট্রোল পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জে নৌকার অফিসে আগুন
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুলের একটি নির্বাচনী প্রচার অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল এ তথ্য নিশ্চিত করেছেন।
লোহাগাড়ায় নির্বাচনী কার্যালয়ে আগুন
চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটখোলা মুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল ও লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম।
ফরিদপুরে নৌকার একাধিক অফিসে আগুন দেওয়ার অভিযোগ
ফরিদপুর-৩ আসনের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নির্বাচন অফিস পুড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টার প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হক এই সংবাদ সম্মেলন করেন।
সাতক্ষীরায় লাঙ্গলের কর্মীকে মারধর
সাতক্ষীরা-২ আসনের ভবানীপুরে লাঙ্গলের কর্মী আফজারুল হককে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির কর্মীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভবানীপুরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেনাপোল থেকে ১০টি ককটেল উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের একটি খড়ের গাদা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি শক্তিশালী ককটেল উদ্ধার করেছে ডিবি ও বেনাপোল পোর্ট থানার পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।
রাজশাহীর চারঘাটে ককটেল উদ্ধার
রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামের ফয়সালের আমবাগান থেকে শুক্রবার সকালে পরিত্যক্ত ৭টি ককটেল উদ্ধার করেছে চারঘাট মডেল থানার পুলিশ।
মুন্সীগঞ্জে হত্যার ঘটনায় যুবলীগ নেতা আটক
মুন্সীগঞ্জে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের কর্মী ডালিম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইউনিয়ন যুবলীগের সভাপতি শিপন পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
বরগুনায় পৌর মেয়রের বিরুদ্ধে মামলার নির্দেশ
বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে মামলার নির্দেশ দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদি মেয়র মতিয়ারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলার নির্দেশ দেওয়ার চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য এবং সাধারণ ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে এই মামলা হয়।
তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিবেদকরা।