× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসেছি যুদ্ধ করতে, আরাম করতে আসিনি : মাশরাফি

নড়াইল সংবাদদাতা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৮:১২ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১৯:০৩ পিএম

নির্বাচনী প্রচারণায় নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। বুধবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি। প্রবা ফটো

নির্বাচনী প্রচারণায় নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। বুধবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি। প্রবা ফটো

আরেকবার জনসেবক হওয়ার সুযোগ চেয়ে ভোটারদের উদ্দেশে নড়াইল-২ (সদর ও লোহাগড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘এসেছি যুদ্ধ করতে, আরাম করতে আসিনি। সব জায়াগায় একই কথা বলে এসেছি– এটা কিন্তু শুধু একটা নির্বাচন নয়, আগামী প্রজন্মের ভবিষৎ নির্ভর করছে ৭ জানুয়ারির এই নির্বাচনে। কেউ ঘরে বসে থাকবেন না। একটু সময় নষ্ট করে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে আসবেন।’

বুধবার (৩ জানুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। নড়াইল-২ আসনের এমপি সাবেক ক্রিকেট তারকা মাশরাফি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওমী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন, লোহাগড়ার জয়পুর ইউনিয়নের নারানদিয়া, মরণ মোড়, চাচই লোহাগড়ার কাউড়ি খোলা, কালনা বাজার, টি-চর কালনা, আলা মুন্সীর মোড়, লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা বেলতলা, ঝিকরা বাজার, নোয়াড়গাড়া স্কুলমাঠ, বয়রা, উলা স্কুলমাঠে পথসভা করেন মাশরাফি।

বাঁশগ্রাম ইউনিয়নের ভোটারদের উদ্দেশে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আপনাদের রাস্তা-ঘাটের তো আর কোনো সমস্যা নাই। তাহলে তো ভোট আপনাদের কাছে চাইতেই পারি। আপনাদের বিলের জলাবদ্ধতা ও সুইচগেটের সমস্যার সমাধান আমি করব। আপনারা ৭ তারিখ ভোট দিতে যাবেন। আপনাদের শাহ সাহেব কেবলা দরগার রাস্তাও আমি করব। আগে এখানে কাদার রাস্তা ছিল, সামান্য কয়টা স্কুল ছিল। এখন অনেক কিছু হয়েছে।’

তিনি বলেন, ‘বিগত ৫ বছর আমি আপনাদের সঙ্গে থেকে সাধ্যমতো উন্নয়ন করার চেষ্টা করেছি। অনেক মেগা প্রকল্প এখনও চলমান রয়েছে, এগুলো যেন থমকে না যায়। আপনাদের দায়িত্ব ৭ জানুয়ারি পর্যন্ত, ৮ জানুয়ারি থেকে আপনাদের এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব আমি নেব– কথা দিচ্ছি।’

মাশরাফি আরও বলেন, ‘যদি উন্নয়নের কথা বলতে হয় তাহলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আমার আমলে। আপনার ছেলেমেয়েরা পড়ালেখা করবে, পড়ালেখার বিকল্প কিছু নাই, যদি সে বড় ব্যবসায়ীও হয় তা-ও তার শিক্ষার প্রয়োজন। হাতেম আলী ইঞ্জিনিয়ারিং কলেজ আপনার বাড়ির আঙিনায়, আইটি পার্ক, ট্রেনিং সেন্টার এসবই আমার সময়ে অনুমোদন হয়েছে। এগুলো আপনাদের বুঝতে হবে। তাই আপনারা ৭ জানুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন।’

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা