নড়াইল-২
নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৪:৪৬ পিএম
নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সৈয়দ ফয়জুল আমীর লিটু। প্রবা ফটো
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নড়াইল শহরের আলদাৎপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লিটু। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দীর্ঘ একমাস নির্বাচনের পরিবর্তে আদালতের বারান্দা দিয়ে ঘুরেছি। নির্বাচনী প্রচারণার আর মাত্র তিন দিন হাতে আছে। এই সময়ের মধ্যে ভোটের কাজ করা সম্ভব না। আমি শারীরিকভাবে অসুস্থ। আমাকে ডাক্তার বিশ্রাম ও টেনশনমুক্ত থাকার কথা বলেছেন। এছাড়াও পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা আমার ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচনে অংশগ্রহণ না করাসহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে অবসর নেয়ার জন্য চাপ অব্যাহত রেখেছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সমর্থন না থাকায় আমি সজ্ঞানে আজ থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলাম।’
সৈয়দ ফয়জুল আমীর আরও বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। আপনারা মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও দশের খেদমত করার সুযোগ করে দিবেন।’
এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে সৈয়দ ফয়জুল আমীরের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। পরে গত ২৮ ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পান তিনি। এরপর ট্রাক প্রতীক নিয়ে মাঠে ছিলেন। কিন্তু তার প্রার্থিতা বাতিল চেয়ে ৩১ ডিসেম্বর ফের আপিল করা হয়। এরপর গত ২ জানুয়ারি আবার প্রার্থীতা বহাল করে আদালত।