× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালী-৩

নৌকায় ভোট দিলে এদের চিহ্নিত করে ছেঁচি দিবেন : আওয়ামী লীগ নেতা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৩:০৫ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৩:৪২ পিএম

ছবি ভিডিও থেকে নেওয়া

ছবি ভিডিও থেকে নেওয়া

আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিলে তাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ। এ ছাড়া ভোটের দিন তাদের চিহ্নিত করে ছেঁচি (পিষে) দিতে বলেছেন তিনি।

সোমবার (২ জানুয়ারি) বিকালে কাদিরপুর ইউনিয়নে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। তার এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে আওয়ামী লীগ নেতা জাফর উল্যাহকে বলতে শোনা যায়, ‘আজকে (বেগমগঞ্জ উপজেলার) কাদিরপুর ইউনিয়নের গণসংযোগের শেষ দিন। সমাপনী দিনে আপনাদের বলছি, কাদিরপুরের একটা লোক যদি ডান বাম করেন তাদের খেদাই (তাড়িয়ে) দিবেন। যেগুলো ওরে (নৌকায়) ভোট দিবে মনে করবেন, তাদের কাদিরপুর থাকার অধিকার নাই; তাড়িয়ে দিবেন এখান থেকে। আছে দুয়েকটা কালসাপ। এদের চিহ্নিত করে নির্বাচনের দিন ছেঁচি দিবেন।’

এ সময় উঠান বৈঠকে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল, কাদিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

তার এমন বক্তব্যের সমালোচনা করে কাদিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা জানাই এমন বক্তব্যবের। কাদিরপুর ইউনিয়ন মনে হয় ওনার (জাফর উল্যাহ) নিজস্ব সম্পত্তি। যারা নৌকায় ভোট দিবে তাদের কাদিরপুরে থাকার অধিকার নাই, কাদিরপুর থেকে খেদাই দিবেন। দুয়েকটা কালসাপ আছে, তাদের ভোটের দিন ছেঁচি দিবেন, এই হচ্ছে ওনার বক্তব্য।’

এদিকে নৌকার বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ায় জাফর উল্যাহকে দলীয় পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হবে জানিয়ে নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনসারী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে নৌকার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমরা তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত হয়েছে, আমরা সভাপতি সাহেবের বহিষ্কারের সুপারিশ করব। এ ছাড়াও আচরণবিধি লঙ্ঘনের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ জমা দিব।’

জাফর উল্যাহর বক্তব্যের নিন্দা জানিয়ে নৌকার প্রার্থী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হলেন জাফর উল্যাহ সাহেব। আমি ওনার সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সভাপতি হয়ে তিনি কীভাবে নৌকার বিরুদ্ধে বলেন, এটা আমার মাথায় আসে না। তিনি অত্যন্ত নোংরা ভাষায় কথাগুলো বলেছেন। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এদিকে ওই ভিডিও ‘বানোয়াট’ দাবি করে উঠান বৈঠকে থাকা কাদিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন প্রতিবেদককে বলেন, ‘পুরো তথ্য এখানে উঠে আসেনি। বিস্তারিত জানার জন্য আপনি ডা. এবিএম জাফর উল্যাহ সাহেবকে কল দিন। উনি আপনাকে বিস্তারিত বলবেন।’

তবে বক্তব্যের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ এবং তার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর উল্যাহকে একাধিকবার ফোন দিলেও তারা ধরেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা