অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ০০:২৫ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ০০:৫৩ এএম
শুক্রবার বাঘারপাড়া উপজেলার ১ নম্বর জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মিসভায় যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। প্রবা ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের প্রচারে জনজোয়ার তৈরি হয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়নে চলছে কর্মিসভা, পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ। এতে যুক্ত হচ্ছেন সর্বস্তরের মানুষ। বিশেষ করে কর্মিসভাগুলো জনসভায় পরিণত হচ্ছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত অভয়নগর থেকে বাঘারপাড়ার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে বেড়িয়েছেন এনামুল হক বাবুল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। শেখ হাসিনার হাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরেছেন।
এ দিন ভোরে অভয়নগরে কয়েকটি স্থানে গণসংযোগ করেন এনামুল হক বাবুল। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা ছিলেন। বেলা ১১টায় নওয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণে অভয়নগর তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধন করেন তিনি। পরে নওয়াপাড়া পৌরসভা এলাকায় গণসংযোগ করেন।
বিকালে বাঘারপাড়া উপজেলার ১ নম্বর জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মিসভা যোগ দেন নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল। তার উপস্থিতিতে কর্মিসভা বিশাল জনসভায় পরিণত হয়। হাজারো নারী-পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশ নেন। তার সঙ্গে ছিলেন অভয়নগর ও বাঘারপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। সভায় সভাপতিত্ব করেন নারিকেল বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান চিশতী এবং সভাটি সঞ্চালনা করেন বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আ. ফ. ম. রিয়াজ উদ্দিন মানিক।
কর্মিসভায় সর্বস্তরের মানুষের ঢল। প্রবা ফটো
বক্তারা বলেন, আওয়ামী সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবার এনামুল হক বাবুলকে নৌকার প্রার্থী করেছেন। আমরা এতটাই খুশি, যা ভাষায় প্রকাশ করা যায় না। এতদিন অভয়নগর-বাঘারপাড়ায় বিভাজনের রাজনীতি চলছিল। ত্যাগী, পরীক্ষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা কোণঠাসা ও নির্যাতিত ছিলেন। এবার আমরা মুক্তি পেয়েছি। এনামুল হক বাবুল সেই মুক্তির মানুষ। আমরা তাকে ভোট দেবে, কেন্দ্রে যাবÑ নৌকাকে জয়ী করব, ইনশাআল্লাহ।
বাঘারপাড়া পৌর নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন সঞ্জীব বলেন, এবার বাঘারপাড়ার মানুষ নতুন আশায় বুক বেঁধেছে। নৌকার পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দলে দলে ভাগ হয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। বাঘারপাড়ার মানুষ উজ্জীবিত, অনুপ্রাণিত। নৌকার প্রার্থী হিসেবে এনামুল হক বাবুলকে পেয়ে সবাই খুশি। জয় আমাদের হবেই।
এনামুল হক বাবুল বলেন, মানুষের
এত ভালোবাসা যে পাচ্ছি, তাতে আমি অভিভূত। যশোর-৪ আসনে এবার বিপুল ব্যবধানে নৌকা জিতবে।
নৌকা জয়ী হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিশ্চয়ই আমাদের দেখবেন, আমরাও তার কাছে আমাদের
দাবিগুলো তুলে ধরতে পারব; আশা করি তিনি তা পূরণও করে দেবেন।
কর্মিসভায় সর্বস্তরের মানুষের ভিড়। প্রবা ফটো
শুক্রবার সকালে নওয়াপাড়ায় শান্তির
প্রতীক সাদা পায়রা উড়িয়ে তারুণ্যের সাইকেল র্যালি উদ্বোধন করেন এনামুল হক বাবুল। তরুণদের
সঙ্গে কিছু দূর সাইকেলও চালান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন নওয়াপাড়া ইনস্টিটিউটের
সাধারণ সম্পাদক ফারুক হোসেন, অভয়নগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল,
আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় রায় প্রমুখ।
র্যালি উদ্বোধনের সময় এনামুল
হক বাবুল বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর
স্বপ্নের সোনার বাংলা গড়তে তাদের আত্মনিয়োগ করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ
হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের বিনির্মানের যে স্বপ্ন দেখেছেন, সেখানে তরুণরাই
হবে মূল কারিগর।
এনামুল হক বাবুল আর বলেন, আমাদের
অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়ার তরুণদের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ আমি স্বাগত জানাই।
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের তরুণ সমাজ সবসময় এক ধাপ এগিয়ে। তাই আগামীর স্মার্ট
ও উন্নত যশোর-৪ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাই।
শুক্রবার নওয়াপাড়ায় তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধন করে তরুণদের সঙ্গে কিছু দূর সাইকেল চালান এনামুল হক বাবুল। প্রবা ফটো
তিনি আরও বলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অভয়নগর, বাঘারপাড়া, বসুন্দিয়ার তরুণ ও যুবসমাজ ঐক্যবদ্ধ। সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির যে আন্দোলন বঙ্গবন্ধু শুরু করেছিলেন, সেই আন্দোলন এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই তরুণরাই বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ও অপশক্তিকে রুখে দেবে বলে আমরা বিশ্বাস করি।
র্যালিটি অভয়নগরের নওয়াপাড়া
ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজঘাট ঘুরে নওয়াপাড়া বাজারে এসে শেষ হয়। র্যালিতে
নওয়াপাড়ার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক এবং ক্রীড়া সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে
অংশ নেন।