রাজশাহী অফিস
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ২২:২৬ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ২২:২৭ পিএম
জয়ের লক্ষ্যে নৌকার কাফেলা সামনে এগিয়ে যাচ্ছে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, আরব দেশের একটা প্রবাদ আছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করে, উটের কাফেলা এগিয়ে যায়। আমাদের কাফেলা, নৌকার কাফেলা সামনে এগিয়ে যাচ্ছে। পেছনে কেউ ঘেউ ঘেউ করলে আমাদের কিছু যায় আসে না। আমরা সামনে এগিয়ে যাব, মানুষের কল্যাণ করব।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজশাহীর কাটাখালীর মাসকাটাদিঘী স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদের পক্ষে সভাটি অনুষ্ঠিত।
খায়রুজ্জামান লিটন বলেন, যারা ৭ তারিখের আগে সরকারের পতনের কথা বলেছিল, তারা এখন কোথায় কী করছে, আপনারা, আমরা সবই দেখছি। যারা ২০১৪, ২০১৮ সালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, তারা গত এক বছর ধরে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। তারা বাসে, ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করে প্রমাণ করেছে, তারা অতীতের ন্যায় অগ্নিসন্ত্রাসের সঙ্গেই আছে। তারা মানুষের কল্যাণ করতে পারে না।
কাটাখালী পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আব্বাস আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, কাটাখালী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল খালেক প্রমুখ।