মিঠাপুকুরে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৪:২৯ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৭:১০ পিএম
রংপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। প্রবা ফটো
২০০৮ সালে নির্বাচিত হয়ে ২০০৯ সালে সরকার গঠনের পর দেশ পরিচালনায় গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের দক্ষতার মাপকাঠি বোঝাতে গিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নয় থেকে তেইশ– বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তির বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলায় জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এটি ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী জনসভা।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের মানুষের উন্নতি করেছে। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ক্ষমতায় ছিলাম। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম, সাক্ষরতার হার বাড়িয়েছিলাম। কিন্তু ২০০১ এ আসতে পারিনি। যারা এসেছিল আবার এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।’
তিনি বলেন, ‘২০০৮, ২০১৪, ২০১৮ সালে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন। আমরা জয় লাভ করেছি। ৯ (২০০৯) থেকে ২৩ (২০২৩) – বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তির বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’
জনগণের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। এক সময়ের মঙ্গাপীড়িত উত্তরবঙ্গ– মানুষের খাবার নেই, হাহাকার, পরনে ছিন্ন কাপড়, রোগের চিকিৎসা নেই। আজকে আর সেই চিত্র নেই। নৌকা মার্কা সরকারে এলে মানুষের শান্তি থাকে, ঘরে খাবার থাকে, জীবনের নিরাপত্তা থাকে, শিক্ষার আলো পান, চিকিৎসা পান, সুন্দর জীবন পান।’
রংপুর-৫ আসনের ভোটারদের আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘রাশেক আমাদের প্রার্থী। এতদিন তার বাবা ছিল। এবার তাকে দেওয়া হয়েছে। তারুণ্যই সম্পদ। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আওয়ামী লীগকে জয়ী করে আপনাদের আবার সেবা করার সুযোগ দেবেন।’
রংপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। তার ছেলে রাশেক রহমান বাবার আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন।
এর আগে বেলা ১২টার দিকে তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা।
তারাগঞ্জ ও মিঠাপুকুরে জনসভা শেষে পীরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি জয় সদনে যাবেন। সেখানে তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন। মধ্যাহ্নভোজনের পর তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী প্রচারে যোগ দেবেন।