মানিকগঞ্জ সংবাদদাতা ও রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১২:০২ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:১৭ পিএম
কুয়াশা কেটে যাওয়ায় দুই নৌরুটে ফেরি চলাচল শুরু। প্রবা ফটো
ঘন কুয়াশায় বন্ধ দীর্ঘ সময় বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়েছে। এর আগে শনিবার রাতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত পৌনে ১১টা থেকে ওই নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। একই কারণে গত শনিবার রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি বন্ধ ছিল। এ নৌরুটে সাড়ে ৭ ঘণ্টা পর আজ সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চালু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টির বাহিরে চলে গেলে দুর্ঘটনা এড়াতেই ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। আজ বেলা পৌনে ১১টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এতে দুই রুটের বেশকিছু গাড়ি আটকে পড়েছিল। তবে সকাল থেকে ফেরি চালু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।’
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত ৯টার পর থেকে অনেকটা বৃষ্টির মতো কুয়াশা পড়তে শুরু করে। এ অবস্থায় রাত পৌনে ১১টায় দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই করে রো-রো ফেরি রুহুল আমিন ও সুফিয়া কামাল যমুনার মাঝ নদীতে নোঙর করা থাকে। রবিবার বেলা পৌনে ১১টায় ঘন কুয়াশা কেটে গেলে দীর্ঘ ১২ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু করে।
একই কারণে শনিবার রাত ৩টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের ফেরি ঘাটগুলোতে ছোটবড় যানবাহন, প্রাইভেট কার, পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী বাস, চালক ও যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। ৭ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টা ৪০ মিনিটে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
পণ্যবাহী ট্রাকচালক সেলিম সরদার বলেন, ভোর বেলা মালামাল নিয়ে ঘাটে এসেছি। ৫ ঘণ্টা কুয়াশার কারণে ফেরিতে উঠতে পারিনি। ঠান্ডায় পণ্য পরিবহন নিয়ে দুর্ভোগে পড়েছি। সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারিনি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়ার সহকারী ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক। এই নৌরুটে আজ ১২টি ছোটবড় ফেরি রয়েছে।