লক্ষ্মীপুর-২
লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১৬:১৯ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১৬:৩২ পিএম
নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন উপজেলা ও ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। প্রবা ফটো
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন তার নির্বাচনী এলাকার উপজেলা, ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। এ ছাড়া উপস্থিত সবাইকে দেওয়া হয়েছে বকশিশ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরে তার বাসভবন লুবনা কটেজে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
জানা গেছে, দুই শতাধিক মানুষের জন্য খাবারের আয়োজন ছিল। এ ছাড়া জনপ্রতিনিধিদের একটি নির্দিষ্ট পরিমাণ বকশিশও দেওয়া হয়েছে। সভায় নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন জনপ্রতিনিধিদের উদ্দেশে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভাটি দুপুর ১২টায় শুরু হয়ে ২টা পর্যন্ত চলে।
এ সময় উপস্থিত ছিলেন—সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগর সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল, শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
নাম প্রকাশে অনিচ্ছুক তিন ইউপি চেয়ারম্যান ও চারজন ইউপি সদস্য জানান, নির্বাচনের বিভিন্ন দিকনির্দেশনা বক্তব্য দিয়েছেন সভায়। পরে দুপুরে খাওয়ানো হয়েছে। এ ছাড়া যাতায়াতের খরচের জন্য দুই হাজার টাকা করেও দিয়েছেন প্রার্থীর পক্ষ থেকে।
মধ্যাহ্নভোজ ও বকশিশ দেওয়ার বিষয়ে জানতে লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নকে কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ’প্রার্থীর বাসায় চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে মধ্যাহ্নভোজ ও টাকা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’