নাটোর প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৩ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:২৪ পিএম
ছবি : সংগৃহীত
নাটোরের নলডাঙ্গা উপজেলায় অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী। পরে দুপুরে তাকে শারীরিক পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।
আসামিরা হলেন- একই এলাকার মো. তুহিন, ওসমান আলী, মো. জীবন ও শুভ প্রামাণিক।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়েছে, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশিলা ক্লিকমোড়ের প্রবাসী এক স্ত্রীর বাড়িতে ঢুকে পড়ে তুহিন। পরে সে অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে। তুহিনের চাচা ওসমান আলী ও তার দুই বন্ধু জীবন ও শুভ ধর্ষণে সহযোগিতা করে। পরে ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় সকালে ওই নারী বাদী হয়ে তুহিনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে দুপুরে শারীরিক পরীক্ষার জন্য বাদীকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি মনোয়ারুজ্জামান বলেন, ‘ওই নারী মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’