× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষকদের নিয়ে সভায় ভোট চাইলেন দুদু

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:৩৮ পিএম

শিক্ষকদের নিয়ে সভায় ভোট চাইলেন দুদু

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন জয়পুরহাট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সামছুল আলম দুদু এমপি। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে পাঁচবিবি উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‍অনুষ্ঠানে শিক্ষকদের নিয়ে তিনি মতবিনিময় করেন।

সভায় উপজেলার পাঁচ ইউনিয়নের ২৫টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪শ শিক্ষক অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন সামছুল আলম দুদু। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মণ্ডল।

ওই সভায় পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিরউদ্দিন মণ্ডল, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মণ্ডল বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (গতকাল) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পাঁচবিবি পূর্ব অঞ্চলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সভা হয়েছে। এতে প্রায় ৪০০ শিক্ষক অংশ নেন। আমরা বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সঙ্গেই বসব। 

পাঁচবিবির সরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল এহসান বলেন, সভায় অনেক শিক্ষক উপস্থিত ছিলাম। তিনি কী কী কাজ করেছেন, সেসব কথা বলেছেন। তিনি বলেছেন, এটিই তার জীবনের শেষ নির্বাচন। তিনি আবেগপ্রবণ বক্তব্য দিয়েছেন। তার কোনো ভুল হয়ে থাকলে মাফ চেয়ে তাকে আবার নির্বাচিত করতে বলেছেন। 

বিষয়টি নিয়ে জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী একেএম রায়হান মণ্ডল মনু বলেন, আওয়ামী লীগের প্রার্থী সামছুল আলম ‍দুদু নির্বাচনী আচরণবিধি মানছেন না। বিভিন্ন জায়গায় তিনি মিটিং, মতবিনিময় করছেন। শিক্ষকদের নিয়েও আলোচনা করছেন। হ্যান্ড মাইক ব্যবহার করছেন। তার সঙ্গে ১০ থেকে ২০টি মোটরসাইকেল যাচ্ছে। এটি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। কিন্তু নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

এ ব্যাপারে জানতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সামছুল আলম দুদুর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এমনকি মেসেজ পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

শিক্ষকদের নিয়ে মতবিনিময় করার বিষয়ে জানেন না জানিয়ে পাঁচবিবি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা বলেন, আইন অনুযায়ী কোনো প্রার্থী এখন প্রচারণা চালাতে পারেন না। উনার সভা কী নিয়ে ছিল তা জানতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা