কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ২১:৩৯ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ২১:৫৮ পিএম
এক্সকাভেটরের (ভেকু) লম্বা বাকেট যাত্রীবাহী চলন্ত বাসের ভেতরে ঢুকে যায়। প্রবা ফটো
কুমিল্লার লাকসামে ট্রাকে পরিবহন করার সময় এক্সকাভেটরের (ভেকু) লম্বা বাকেট চলন্ত বাসের ভেতরে ঢুকে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বাসের অন্তত ২০ যাত্রী। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম—সিফাত হোসেন। তিনি নোয়াখালী সোনাইমুড়ির আমিশাপাড়ার বাসিন্দা।
লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ’দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হচ্ছে।’
প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া বলেন, ’নোয়াখালী থেকে ইকোনো পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। একই দিকে ট্রাকে করে এক্সকাভেটরও (ভেকু) নিয়ে যাচ্ছিল। এ সময় দ্রুতগামী ইকোনো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এক্সকাভেটরের লম্বা বাকেটের অংশ বাসের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক বাসযাত্রী মারা যায় ও চালকের বাম পা থেঁতলে যায়। আহত হয় আরও ২০ যাত্রী।’