× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলফনামা

মন্ত্রিত্ব হারানোর পর সম্পদ বেড়েছে মুজিবুল হকের

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১১:২৪ এএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১১:৪৩ এএম

মুজিবুল হক মুজিব। ছবি : সংগৃহীত

মুজিবুল হক মুজিব। ছবি : সংগৃহীত

মন্ত্রিত্ব হারানোর পর সম্পদ বেড়েছে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব ও তার স্ত্রী হনুফা আক্তার রিক্তার। মন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে বার্ষিক আয়সহ তার সম্পদ ছিল ২ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার ৭১৭ টাকার এবং স্ত্রীর ছিল ২ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৯৩৩ টাকার। মন্ত্রিত্ব হারানোর পর ২০২৩ সালে তার সম্পদ দাঁড়ায় ৪ কোটি ৬৬ লাখ ১৭ হাজার ৩৫৯ টাকায়। স্ত্রীর সম্পদ হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ১৭ হাজার ৩৫৯ টাকা (উভয় ক্ষেত্রে বিয়ের উপহারের ৮৭ ভরি স্বর্ণের দাম ৮০ লাখ টাকা ধরে)।

একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। হলফনামায় দেখা গেছে, ২০১৮ সালে মুজিবুল হক ও তার স্ত্রীর কোনো অ্যাপার্টমেন্ট ছিল না। ২০২৩ সালে মুজিবুল হকের ১ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও তার স্ত্রীর ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের একটি করে দুটি অ্যাপার্টমেন্টের কথা হলফনামায় উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালে তার স্ত্রীর ব্যবসায় মূলধন ২৮ লাখ ৩১ হাজার ২৫৮ টাকা উল্লেখ করা হয়। ২০১৮ সালে এ খাতে কোনো মূলধন ছিল না তার। ২০১৮ সালে মন্ত্রী থাকাকালীন মুজিবুল হকের নগদ অর্থ ছিল ২ হাজার ৩২ টাকা, তার স্ত্রীর ছিল ২ হাজার ২৫৮ টাকা। ২০২৩ সালে তার নগদ টাকার পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৩২ হাজার ৮১০ টাকায়। স্ত্রীর নগদ টাকার পরিমাণ প্রায় ৯১০ গুণ বেড়ে দাঁড়ায় ২০ লাখ ৫৪ হাজার ৬৬৮ টাকায়। 

২০১৮ সালে মুজিবুল হকের ৭৭ লাখ ১ হাজার ১৯৫ ও ৭২ লাখ ৩২ হাজার ৭৫৩ টাকা মূল্যের দুটি গাড়ি ছিল, এবার তার ৭২ লাখ ৩২ হাজার ৭৫৩ টাকা মূল্যের একটি গাড়ি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে তার ১৩৯ তোলা স্বর্ণ ছিল। এ বছর স্বর্ণ দেখানো হয়েছে চার তোলা। ২০১৮ সালে তার দেনা ছিল ২৯ লাখ ৬ হাজার ৯৩০ টাকা। এবার কোনো দেনা নেই তার। ২০২৩ সালে সীমানাপ্রাচীরসহ দুটি আবাসিক দোতলা দালান ও একটি ছয় তলা বাণিজ্যিক ভবনের অর্জনমূল্য দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৫৪২ টাকা। এর আগের সংসদ নির্বাচনে সীমানাপ্রাচীরসহ তার দুটি দোতলা ভবন ছিল। যার দাম উল্লেখ করা হয় ১ কোটি চার লাখ ৩৮ হাজার ২৭৪ টাকা। 

মুজিবুল হক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চারবারের এ সংসদ সদস্য ২০১৪ সাল থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। আসন্ন নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা