মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ২২:৩০ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ২২:৪২ পিএম
অপহরণকারী রাকিবকে আটক করেছে র্যাব। প্রবা ফটো
কিশোরগঞ্জের মিঠামইন থেকে মুক্তিপণ দাবিতে অপহৃত ৭ বছর বয়সি শিশু খোকা মিয়াকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে অপহরণকারী রাকিবকে।
বুধবার দুপুরে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে অপহরণকারী রাকিবকে আটক করেন র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রাকিব ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার চুয়ানো গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
এর আগে গত মঙ্গলবার রাতে গাজীপুর জেলা সদরের চৌরাস্তা এলাকা থেকে অপহরণের শিকার শিশু খোকা মিয়াকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪ কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, মিঠামইন উপজেলার ঢাকী পূর্বহাটি গ্রামের দিদারুল ইসলাম গাজীপুরে চাকরি করার সুবাদে রাকিবের সঙ্গে সখ্য গড়ে ওঠে। রাকিব নিজের নাম-পরিচয় গোপন রেখে দিদারুলকে ধর্মের ভাই বানায়।
গত ১ ডিসেম্বর বেড়ানোর কথা বলে দিদারুলের বাড়িতে আসে রাকিব। ৪ ডিসেম্বর দুপুর ১২টার দিকে দিদারুলের ৭ বছর বয়সি ছোট ভাই খোকা মিয়াকে মিঠামইন বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বের হয়। দীর্ঘ সময়েও তারা বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় রাকিবের মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে রাকিব তার নিজের নম্বর থেকে ভিকটিমের পরিবারের সদস্যদের মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাদের ছেলেকে জীবিত অবস্থায় ফেরত পাবে না বলে হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই দিদারুল মিঠামইন থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং তাৎক্ষণিক র্যাবকেও বিষয়টি অবগত করা হয়। ঘটনাটি জানার পর গোয়েন্দা নজরদারিসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান জানার চেষ্টা করা হয়। একপর্যায়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় আসামির অবস্থান নিশ্চিত হওয়া যায়।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল র্যাব-১ গাজীপুর ক্যাম্পের সহায়তায় গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত খোকা মিয়াকে উদ্ধার করে। সেসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে রাকিব পালিয়ে গেলেও পরদিন দুপুরে সিপিএসসি ময়মনসিংহের সহায়তায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব প্রতিদিনের বাংলাদেশকে জানান, অপহরণকারী রাকিবকে আজ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।