রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ১৬:১০ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২২ ১৬:৪৮ পিএম
সালিশে হামলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : প্রবা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হামলার জন্য বিচার-সালিশ বসলে সেখানে সবার উপস্থিতিতে এক পক্ষের ওপর প্রতিপক্ষ ফের হামলা চালিয়েছে।
এ সময় হামলাকারীদের খুরের আঘাতে জিহাদ ও সফিউল্লাহ নামে দুই ভাই গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের পুবেরগাঁও মোল্লাপাড়া ক্যাডেট মাদ্রাসা মাঠে ঘটে এ ঘটনা। এ ঘটনায় আহতদের মামা মুনসুর মোল্লা রূপগঞ্জ থানায় মামলা করেন। বৃহস্পতিবার দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার পুবেরগাঁও এলাকার মোশারফ হোসেন, ইয়াসিন আহাম্মেদ শিশির, সফিউল্লাহ, সোহাগ মিয়া ও আঙ্গারজোড়া এলাকার আলামিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি, তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, গত দুই মাস আগে পুবেরগাঁও এলাকার একটি বাউল গানের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল্লাহদের সঙ্গে ইয়াছিনদের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। ওই ঘটনায় গত সপ্তাহে এক পক্ষ আরেক পক্ষকে মারধর করে।
এ নিয়ে উভয়পক্ষ বুধবার রাতে পুবেরগাঁও মোল্লাপাড়া ক্যাডেট মাদ্রাসা মাঠে বিচার-সালিশের আয়োজন করে। ওই সালিশে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী মঈন মোল্লা, খোকন, তমিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, বিচার-সালিশে মীমাংসার শেষ পর্যায়ে আব্দুল্লাহদের পক্ষকে ইয়াছিনদের কাছে ক্ষমা চাইতে বলেন মাতব্বররা। এ সময় ক্ষমা চাইতে গেলে প্রতিপক্ষ ইয়াছিনসহ তাদের পক্ষের মোশারফ হোসেন, সফিউল্লাহ, সোহাগ মিয়া ও আঙ্গারজোড়া এলাকার আলামিনসহ অন্যরা ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে আব্দুল্লাহদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা খুর দিয়ে জিহাদ ও সফিউল্লাহকে গুরুতর জখম করে। পরে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভোলাব তদন্তকেন্দ্রের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলাবের ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।
আহত জিহাদ ও সফিউল্লাহকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবা/এইচকে/এমজে