হলফনামা বিশ্লেষণ
ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ২২:৫৭ পিএম
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। প্রবা ফটো
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর নিজ নামে ৩০ ভরি ও স্ত্রীর নামে ১০০ ভরি স্বর্ণলংকার রয়েছে। বছরে মৎস্য খামার থেকে আয় করেন ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
এ ছাড়া হলফনামা অনুযায়ী তার নিজ নামে ৯ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের কৃষি জমি, ৩০ কোটি ৩৭ লাখ টাকার অকৃষি জমি রয়েছে। মৎস্য খামার থেকে বছরে আয় ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা ও স্ত্রীর আয় ২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে ১০ কোটি টাকা ও স্ত্রীর নামে ১৯ কোটি টাকা রয়েছে।
ফেনী-২ (সদর) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ ও ২ জনের বাতিল হয়েছে। বৈধ ৮ জন হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টি মনোনীত খন্দকার নজরুল ইসলাম, তৃণমূল বিএনপির আমজাদ হোসেন সবুজ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. নুরুল ইসলাম ভূইয়া, জাকের পার্টির নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ও খেলাফত আন্দোলনের আবুল হোসেন। মনোনয়ন বাতিল হওয়া দুজন হলেন মাহবুব মোর্শেদ ও আনোয়ারুল করিম ফারুক।