কক্সবাজার-২
কক্সবাজার অফিস
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ২২:৪৮ পিএম
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। ফাইল ছবি
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। গত পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৯১৩ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় ২০১৮ সালে তার সম্পদের পরিমাণ ছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ২০৬ টাকা। পাঁচ বছর পর ২০২৩ সালে সেই সম্পদের পরিমাণ হয়েছে ৬ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ১১৯ টাকা। এই পাঁচ বছরে স্ত্রীর কাছে থাকা ৩০ ভরি স্বর্ণ অপরিবর্তিত রয়েছে। স্ত্রী বা তার আয়ের ওপর নির্ভরশীল কারও নামে নেই কোনো সম্পদ।
একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন বরাবরে আশেক উল্লাহ রফিকের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে।
হলফনামায় দেখা গেছে, বর্তমানে আশেক উল্লাহ রফিকের বছরে আয় ৪৭ লাখ ৩২ হাজার ৩৫২ টাকা। যেখানে কৃষি খাত থেকে ২৬ হাজার ৬৪০ টাকা, ব্যবসা থেকে ১ লাখ ৫৬ হাজার টাকা, শেয়ার থেকে ১০ লাখ ৯১ হাজার ২৩ টাকা ও অন্যান্য খাত থেকে ৩৪ লাখ ৯৮ হাজার ৬৬৯ টাকা আয় করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় তার বার্ষিক আয় ছিল ৬ লাখ ২১ হাজার ২৯৮ টাকা। ওই সময় তিনি কৃষি খাত থেকে ৪২ হাজার ৬৪০ টাকা, ব্যবসা থেকে ৩ লাখ ৮৬ হাজার টাকা আর শেয়ার থেকে ১ লাখ ৯২ হাজার ৬৩৮ টাকা আয় করতেন।
তার অস্থাবর সম্পদের পরিমাণ হয় ৫ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৫০৫ টাকা। স্ত্রীর নামে ৩০ ভরি স্বর্ণ রয়েছে। পাঁচ বছর আগে ছিল ৩ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০৪ টাকা। স্ত্রীর স্বর্ণও ছিল একই। বর্তমানে তার স্থাবর সম্পদের পরিমাণ কৃষি জমি ১৬.১৩৮২ একর, অকৃষি জমি ৩.১৯ একর, দালান বাবদ ৯ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংকঋণ রয়েছে ১৪ লাখ ৫৫ হাজার ৫১৭ টাকার। পাঁচ বছর আগে তার স্থাবর সম্পদ ছিল কৃষি জমি ১৪.৩৩ একর, অকৃষি জমি একই, দালান বাবদ ৯০ হাজার ৬০ টাকার।
আশেক উল্লাহ রফিক বলেন, ‘আমি মূলত ব্যবসায়ী। স্বচ্ছ জীবনযাপন এবং বৈধ আয়ে বিশ্বাসী। দাখিল করা হলফনামায় পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করা হয়েছে।’