নারায়ণগঞ্জ-১
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১২:৪৫ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৩:৪১ পিএম
মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। প্রবা ফটো
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও তৃণমূল বিএনপির তৈমূর আলম খন্দকারসহ ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে জামানতের টাকা জমা না দেওয়ায় বাংলাদেশ সুপ্রিম পার্টির আফাজউদ্দিন মোল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে।
আসন্ন সংসদ নির্বাচনে এই আসনে ১০ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন যাচাই-বাছাই হয়। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক মনোনয়ন বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।
গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ও তৈমূর আলম খন্দকার ছাড়াও এই আসনে বৈধ অপর সাত প্রার্থী হলেন- শাহাজাহান ভূঁইয়া (স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা (স্বতন্ত্র), মো. হাবিবুর রহমান (স্বতন্ত্র), মো. জোবায়ের আলম (স্বতন্ত্র), মো. সাইফুল ইসলাম (স্বতন্ত্র), মো. জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র) এবং ইসলামি ফ্রন্ট বাংলাদেশের একেএম শহিদুল ইসলাম।
জামানতের টাকা জমা না দেওয়ায় বাংলাদেশ সুপ্রিম পার্টির আফাজউদ্দিন মোল্লার মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয়। তবে তিনি এ ব্যাপারে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা সকলে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। কোনো প্রকার ঝামেলা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে শেখ হাসিনা সরকার উন্নয়নের কাজ করছে। দিন দিন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গত ১৫ বছরে আমি রূপগঞ্জকে ব্যাপক পরিবর্তন করতে পেরেছি। সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করেছি। শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী ও দলকে সুসংগঠিত করেছি। আমি শতভাগ আশাবাদী, রূপগঞ্জের মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এ আসনটি আবারও জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’