পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১১:৫১ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১২:১৪ পিএম
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি। প্রবা ফটো
পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে একই সঙ্গে জানানো হয়- জেলার মঠবাড়িয়া উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত পিরোজপুর জেলা শাখার কমিটি সাময়িক স্থগিত করা হলো এবং একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, মঠবাড়িয়া উপজেলা শাখা পিরোজপুরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এ বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি।
জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। পরে তা আবার ছেড়ে দেওয়া হতে পারে। তবে জেলার মঠবাড়িয়া উপজেলার কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’
এর আগে গত বছরের ২১ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ ওই সময়ের জেলা সভাপতি ও সম্পাদকের মধ্যে সমন্বয়হীনতার কারণে কমিটির কার্যক্রম স্থগিত করে। স্থগিতের প্রায় দশ মাস পর ওই বছরের ৭ নভেম্বর অনিরুজ্জামান অনিককে সভাপতি ও ইফতেখার মাহামুদ সজলকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যবিশিষ্ট একটি আংশিক ঘোষণা করা হয়।