শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৯:৫৭ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ২০:২৩ পিএম
ছবি : সংগৃহীত
শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক।
শনিবার (২৫ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার আদমপুর পশ্চিমপাড়া গ্রামের খোকা মিয়া ও তার দুলাভাই তাফাজ্জল হোসেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আজ বেলা ৩টার দিকে খোকা মিয়া তার নতুন নির্মিত বাড়ির দেয়ালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। পানি দেওয়া শেষ করে মোটরটি খুলে আনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। চিৎকার শুনতে পেয়ে বাড়ির পাশ থেকে তার বোনজামাই তাফাজ্জল হোসেন খোকা মিয়াকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুল কাদের মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মৃতদের পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।’