রাজশাহী অফিস
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ০০:২৮ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩ ১০:৫৮ এএম
প্রতীকী ছবি
রাজশাহী নগরীতে দুই পক্ষের গোলাগুলিতে আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে তিনি গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী একরামুল হক গুড্ডু ১৯ নম্বর ওয়ার্ডের ছোট বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, গুলিবিদ্ধের খবর জানি না। তবে সেখানে মারামারি হয়েছে বলে শুনেছি। আমি বাইরে আছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান বালিয়াপুকুর এলাকায় তার কার্যালয়ে একটি সালিশ করেন। ওই সালিশে কাউন্সিলরের কোনো একটি কথা কেন্দ্র করে তরিক, সনেট, আদর ও ফয়সাল দলবল নিয়ে এসে তাকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে কাউন্সিলরের পক্ষের লোকেরা সেখানে জড়ো হয়ে তাদের তাড়া করেন। এ সময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা-ধাওয়া ও গোলাগুলি হয়। কাউন্সিলরপন্থি গুড্ডুর ডান পা গুলিবিদ্ধ হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন বলেন, রাত ১১টার দিকে গুড্ডুকে আহত অবস্থায় হাসপাতালের ইমারজেন্সিতে আনা হয়। তার ডান পায়ে গুলি করা হয়েছে।
২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান বলেন, তরিক, সনেট, আদর ও ফয়সাল দলবল নিয়ে এসে গালাগাল শুরু করে। এ সময় তারা আমাকে হত্যা করতে চায়। একপর্যায়ে আমার সহযোগিতায় এলাবাকাসী এগিয়ে এলে তারা অস্ত্র বের করে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় গুড্ডু ভাই আহত হন। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। তরিক, সনেট, আদর ও ফয়সাল এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।