রাজশাহী অফিস
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১৩:০০ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ১৩:১৭ পিএম
ছবি : সংগৃহীত
১ হাজার ২০০ বেডের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৩ হাজার রোগীকে সেবা দিতে হচ্ছে। এতে চিকিৎসাকর্মী ও রোগী উভয়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক রোগীকে বারান্দার মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যেই কিছুটা পরিবর্তন আসছে হাসপাতালটিতে। হাসপাতালে ওয়ানস্টপ ইমারজেন্সি ক্যাজুয়ালিটি সার্ভিস (ওসেক) শিগগির চালু হতে যাচ্ছে। এর জন্য স্ট্রাকচারাল প্ল্যান হয়ে গেছে। আগামী বছরের জুলাই নাগাদ চালু করা সম্ভব হবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ বলেন, ‘বর্তমান ইমারজেন্সি বিভাগে যে ব্যবস্থা রয়েছে, তাতে সেখান থেকে রোগীকে ডায়াগনস্টিক করা যায় না। এর জন্য আগে রোগীকে ওয়ার্ডে ভর্তি করতে হয়। ওসেক চালু করা গেলে রোগীকে সঙ্গে সঙ্গে ডায়াগনস্টিক করা সম্ভব হবে। রোগীকে ওয়ার্ডে প্রেরণের প্রয়োজন হবে না। ওসেকে রোগী আসার পর সেখান থেকেই সব ধরনের সেবা পাবে। ওসেকে থাকবেন একজন স্পেশালিস্ট, সার্জন, কার্ডিওলজিস্ট, মেডিসিন, আইসিইউ, প্যাথলজি বিশেষজ্ঞ। থাকবে ডায়াগনস্টিক টেস্টের জন্য পৃথক ল্যাবরেটরি ও ওষুধের ডিসপেনসারি। আরও থাকবে ওটি (অপারেশন থিয়েটার) ফ্যাসিলিটিসহ তিনটি আইসিইউ বেড। পুরুষ ও নারী রোগীদের পর্যবেক্ষণে থাকবে পৃথক ওয়ার্ড। সর্বোপরি ওয়ানস্টপ ইমারজেন্সি ক্যাজুয়ালিটি সার্ভিসে থাকবে ২০ বেডের ফ্যাসিলিটি।’