ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১৭:৩০ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৮:১৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা পশ্চিম পাড়ায় এই সংঘর্ষ হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সোহেল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোষ্ঠীগত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থো নেওয়া হবে।
নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, খান ও সিরাজ আলী বাড়ি গোষ্ঠীর নেতৃত্বে দেন জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া ও দোলাবাড়ি গোষ্ঠীর নেতৃত্বে আছেন ইউপি মেম্বার আরজু মিয়া। এই দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে আরজু মেম্বার পক্ষের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের ছেলেকে মারধর করেন খানবাড়ির ছেলেরা। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে আসছিলাম। গতকাল রবিবার আবার মারধর করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে। এই ঘটনায় উত্তেজনা তৈরি হলে সদর মডেল থানার সদস্যরা গ্রামে যান। সকালে ঘটনাটি থানায় মীমাংসার জন্য শালিস ডাকা হয়। সকালে সভা চলাকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চেয়ারম্যান আরও বলেন, সংঘর্ষে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকটি বাড়িঘরে হামলা চালানো হয়। পুলিশ অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।