মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ১৯:০৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩ ১৯:৫৯ পিএম
মিঠাপুকুর থানা। ছবি : সংগৃহীত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মসজিদের মাসিক চাঁদা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দূর্গাপুর বনানীপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাতাসন দূর্গাপুর বনানী পাড়া গ্রামের মতিয়ার রহমান, তার ছেলে আব্দুল কাদের জ্বিলানী ও একই গ্রামের লোকমান হাকিম। মতিয়ার রহমান মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। লোকমান মসজিদ কমিটির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম জানান, বাতাসন দূর্গাপুর বনানীপাড়া জামে মসজিদে মুসুল্লিদের মাসিক চাঁদা দিতে ক্যাশিয়ার (লোকমান হাকিম) নিষেধ করে। এ নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও ক্যাশিয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়। নামাজ শেষে সভাপতি মসজিদ থেকে বের হলে ক্যাশিয়ারের লোকজন তার ওপর হামলা চালায়। এ খবর শুনে সভাপতির ছেলে ঘটনাস্থলে আসলে সেও হামলার শিকার হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।