আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৭:৫৬ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার সান্তাহারের আক্কেলপুর রেল স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে নামে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আক্কেলপুরের গণিপুর মন্ডলপাড়া এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসে ওই নারী কাটা পড়ে। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
নিহত নারীর নাম মনি আক্তার। তিনি মন্ডলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাহার আলীর মেয়ে।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাতে তিনি জানান, জন্ম থেকেই নিহত মনি আক্তার কথা বলতে পারে না এবং কানে শোনে না। আজ সকালে আক্কেরপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়। পরে স্বজনরা তার ট্রেনে কাটা পড়ার খবর পায়।
এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।