খনিজ সম্পদ
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৯:২৬ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৯:২৮ পিএম
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি পরিচালনা, উৎপাদন ও উন্নয়নে জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে দ্বিতীয় দফা চুক্তির পর অক্টোবরে রেকর্ড দেড় লাখ টন পাথর উৎপাদন হয়েছে। ২০০৭ সালে বাণিজ্যিক উত্তোলন শুরুর পর এর আগে এক মাসে এত পাথর উত্তোলন হয়নি।
এসব তথ্য জানিয়েছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামান।
সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যবস্থাপনায় লোকসানে চলা খনিটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ২০১৩ সালে জিটিসির সঙ্গে চুক্তি করে সরকার। জিটিসি খনির উন্নয়ন ও উৎপাদনকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পাথর উত্তোলন শুরু করে। প্রথম দফা চুক্তির মেয়াদে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, অসহযোগিতাসহ নানা প্রতিকূলতার মধ্যেও জিটিসি ২০১৮-১৯ অর্থবছর থেকে টানা চার বছর খনিটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে। এই সফলতার পর প্রথম দফা চুক্তির মেয়াদ শেষে নতুন করে খনি কর্তৃপক্ষ ছয় বছরের চুক্তি করে। দ্বিতীয় দফা চুক্তির প্রথম বছরে নির্ধারিত সময়ে বার্ষিক উত্তোলনের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি পাথর উত্তোলন করে জিটিসি তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং ধারাবাহিকভাবে দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিয়ে চলেছে।