দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ২০:৪২ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২১:৩২ পিএম
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রবা ফটো
আদালত অবমাননার দায়ে দণ্ডিত দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক। টানা তৃতীয় মেয়াদে দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯–এর ধারা ৩১(১) অনুযায়ী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। সৈয়দ জাহাঙ্গীর আলম আদালত অবমাননার দায়ে দণ্ডিত। পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা, নৈতিক স্খলন, অসদাচরণ ও ক্ষমতা অপব্যবহারের দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ১২ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মেয়রের এক মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের চিফ জুডিসিয়াল আমলি আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। অন্যথায় তাকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক।
পরে ১৮ অক্টোবর দুপুর ১টার দিকে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হেঁটে আদালতে যান মেয়র জাহাঙ্গীর আলম। আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন তিনি। দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর আগে ভিজিএফএর চাল ওজনে কম দেওয়ার মামলায় গ্রেপ্তার হন। তিনি তিনবার মেয়র পদ থেকে বরখাস্ত হয়েছিলেন। পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিনে আছেন। এছাড়া তিনি দিনাজপুর সরকারি কলেজে ১৯৯১ সালে অজয় হত্যা মামলার আসামি ছিলেন। সেই মামলায় সাজাও হয়। পরে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি সাজা থেকে রেহাই পান।