× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেবাচিমের স্বাস্থ্যসেবায় প্রতিমন্ত্রীর অসন্তোষ

বরিশাল অফিস

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ২৩:১৯ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ২৩:২০ পিএম

শেবাচিমের স্বাস্থ্যসেবায় প্রতিমন্ত্রীর অসন্তোষ

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা কেন্দ্র বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। মন্দিরের জন্য অনুদান বিতরণ অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে এই অসন্তোষ প্রকাশ করেন। 

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে নবনির্বাচিত সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে নগরী ও সদর উপজেলার বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করা হয়। বরিশাল নগরীর রামকৃষ্ণ মঠ ও মিশনে এ বিতরণ অনুষ্ঠানে অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, আমি নির্বাচনের সময় বলেছিলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজকে একটি আধুনিক মেডিকেল কলেজে রূপান্তরিত করব। কিন্তু দুর্ভাগ্য, সেটা আমি পারিনি। কেন পারিনি, সেটা আপনাদের জানা উচিত এবং সবাইকে বলা উচিত। নিয়মানুযায়ী সংসদীয় এলাকায় যে মেডিকেল কলেজ থাকে, সেটার সভাপতি হয় সেই আসনের এমপি। সেই অনুযায়ী আমার সভাপতি হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। এর আগে যখন জেবুন্নেছা আফরোজ এমপি ছিলেন তখন জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহকে দায়িত্বটা দেওয়া হয় এবং উনি এখনও দায়িত্বটা পালন করছেন। উনি আমাকে সে দায়িত্বটা দেননি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ছোট ভাই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। 

পানিসম্পদ প্রতিমন্ত্রীর এ বক্তব্যের সময় নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত হাততালি দিয়ে সাধুবাদ জানিয়েছেন। 

নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাধারণভাবে এরপর পুরাতন মেয়রের কোনো কার্যক্রম থাকার কথা নয়, কিন্তু তারা এখনও নতুন লোক নিচ্ছেন এবং বেতন ভাতাও বৃদ্ধি করছেন। 

নবনির্বাচিত মেয়রকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খোকন সেরনিয়াবাত যাতে ঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, অর্থনৈতিক কষ্টের মধ্যে থাকেন- এরকম অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এতে মুষ্টিমেয় কিছু লোক জড়িত। এরা হলো সমাজের বিকৃত লোক। 

অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি রাখাল চন্দ্র দে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নগরীর ৪৫টি মন্দিরে সাড়ে ৪ লাখ ও সদর উপজেলার ২৫টি মন্দিরে ৭৫ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়। 

উল্লেখ্য, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছে একটি স্বাস্থসেবা উন্নয়ন কমিটি। এ কমিটিতে পদাধিকার বলে সদর আসনের এমপি কিংবা সিটি মেয়র সভাপতি থাকবেন। কিন্তু সেই কমিটির সভাপতি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা