× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবির সংবাদ সম্মেলন

চাঁপাই সীমান্তে বেড়েছে অস্ত্র চোরাচালান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ২১:০৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অস্ত্র চোরাচালান বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় ধরা পড়ছে এসব আগ্নেয়াস্ত্র। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র আসছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। রবিবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় অস্ত্র চোরাচালান রোধে সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

অস্ত্র-গুলিসহ এক যুবককে আটকের পর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিজিবি অধিনায়ক জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনাপুর থেকে শনিবার রাতে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ শিহাব আলী নামে একজনকে আটক করা হয়। আটক শিহাব সোনাপুরের মনিরুল ইসলামের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুরে একটি ভ্যান গাড়ির গতিরোধ করে বিজিবি সদস্যরা। এ সময় শিহাব দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে ধরে তার কাছে থাকা ব্যাগ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়। একটি বই কেটে বিশেষ কায়দায় অস্ত্রটি লুকিয়ে পাচার করছিলেন তিনি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, ’নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র আসছে। এজন্য বিজিবি সদর দপ্তর থেকে সীমান্তে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ পাওয়ার পর নিয়মিত টহল টিমের বাইরে অস্ত্র উদ্ধারে বিশেষ টিম প্রস্তুত করা হয়েছে প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্ট বা বিওপিতে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। গত সাত মাসে শুধু ৫৯ বিজিবির সদস্যরা ১১টি আগ্নেয়াস্ত্র ও ৪৫ রাউন্ড গুলি উদ্ধার করেছেন। এ সময় আটক করা হয়েছে আটজনকে।’

তিনি বলেন, ’সাত মাসে ১১টি আগ্নেয়াস্ত্র ও ৪৫ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনা স্বাভাবিক নয়। আমাদের কাছে খবর ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে একটি বিশেষ মহল অস্ত্র আনছিল। আমরা তাদের ধরতে সক্ষম হয়েছি।’

বিজিবি অধিনায়ক বলেন, ’গত মাসে বিএসএফের সঙ্গে আমাদের বৈঠক ছিল। সেখানে আমরা সীমান্তে অস্ত্র চোরাচালানের ব্যাপারে বিএসএফের দৃষ্টি আকর্ষণ করি। তারা (বিএসএফ) বলেছে, এই অস্ত্রগুলো ভারতেই তৈরি করা। আমরা বাংলাদেশ সাইডে যে পরিমাণ অস্ত্র আটক করি, বিএসএফ ভারতীয় সাইডেও সে রকম পরিমাণ অস্ত্র উদ্ধার করছে।‘

সীমান্তের অস্ত্র চোরাচালান রোধে বিজিবি-বিএসএফ একসঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিএসএফকে তথ্য দিয়ে সহায়তা করছি, তারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করছে। আমি বলতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য সীমান্ত ব্যবহার হতে দেব না।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা