জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৭:৫৮ পিএম
প্রতীকী ছবি
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সাত বছর বয়সি মেহেদী হাসান মুরাদ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রবিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর ব্রিজের পাশে দশানী নদী থেকে মুরাদের মরদেহ উদ্ধার করা হয়।
মুরাদ ওই ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের শাহীন মিয়ার ছেলে। গতকাল শরিবার বিকালে দশানী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকালে বাবা শাহীন মিয়ার সঙ্গে টুপকারচর ব্রিজের পাশে একটি ধান ক্ষেত দেখতে যায় মুরাদ। বিকাল ৩টায় বাবার অগোচরে স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে ক্ষেতের পাশেই দশানী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নিখোঁজ হয় মুরাদ। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরী দল গতকাল রাত ৮টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করেও না পেয়ে আজ পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করলে দুপুর ১২টার দিকে শিশু মুরাদের মরদেহ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহল রানা জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।