হাওরাঞ্চল (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ২৩:০২ পিএম
নেত্রকোণার মোহনগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ৪০ বার কান ধরে উঠবস করার ঘটনায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস (শোকজ) করা হয়েছে।
গত ১৬ অক্টোবর পৌরশহরের বার্ত্তারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইবিন নাজনীনকে এ কারণ দর্শানোর নোটিস করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।
বুধবার (১৮ অক্টোবর) উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, বার্ত্তাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুনতাসিন ইবনে আসাদ অসুস্থতার কারণে গত ১০ ও ১১ অক্টোবর বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। পরে সে সুস্থ হয়ে ১২ অক্টোবর বিদ্যালয়ে উপস্থিত হয়। এ অপরাধে প্রধান শিক্ষক আইবিন নাজনীন ওই শিক্ষার্থীকে ৪০ বার কান ধরে উঠবস করান। এতে ওই শিক্ষার্থী আসাদ অসুস্থ হয়ে পড়ে। এমন অভিযোগ এনে গত ১৩ অক্টোবর প্রধান শিক্ষক আইবিন নাজনীনের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আসাদুজ্জামানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। পাশাপাশি পত্রপ্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যপারে যথাযথ জবাব দিতে না পারলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর সুপারিশ করা হবে।