রাজশাহী অফিস
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৯:৪৪ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ২০:১৭ পিএম
লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম। প্রবা ফটো
জনগণের কাছে সেনাবাহিনীর দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম। তিনি বলেন, ‘সৈনিক জীবন শুধু একটি চাকরির নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেনাসদস্যদের ওপর অর্পিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। নিজেদের জীবন উৎসর্গ করে হলেও তা পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।’
সেনাবাহিনীর পদাতিক বাহিনীর দ্বিতীয় রেজিমেন্ট ‘বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিস্কুট ব্যাচ ২০২৩-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণ প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। বুধবার (১৮ অক্টোবর) রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ’নানাবিধ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে আত্মত্যাগ করে যাচ্ছে এ দেশের মানুষ। দেশের জনগণের কাছে আমাদের রয়েছে অনেক দায়বদ্ধতা। তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজস্ব ভূমিকা পালনের পাশাপাশি আপামর জনগণের যেকোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য কর্তব্য।’
স্বাধীনতাযুদ্ধের সময় সেনাবাহিনীর অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ’মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান এবং নিজ জীবন বিপন্ন করে সম্মুখ সমরে দখলদার বাহিনীকে পরাস্ত করার মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে সেনাবাহিনী মানুষের অন্তরে অপার ভালোবাসা ও শ্রদ্ধার স্থানে অধিষ্ঠিত হয়েছে।’
নবীন সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রত্যেককেই শারীরিক ও মানসিকসহ যুদ্ধবিদ্যায় এমনভাবে পারদর্শী করে তুলতে হবে, যাতে করে তোমাদের নিয়ে বাংলাদেশের মাটি হয়ে ওঠে এক দুর্জয় ঘাঁটি। আজকের এই চৌকশ কুচকাওয়াজ তোমাদের দৃঢ়প্রত্যয় ও যোগ্যতার পরিচয় বহন করছে।’
দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে ১ হাজার ৩৮৫ জন তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে নবীন সৈনিক হিসেবে যোগ দেবেন। এ বছর সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মো. মিজানুর রহমান এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মো. লাল চান মিয়া।
রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক-অসামরিক কর্মকর্তা, জেসিও, অন্য পদবির সৈনিক এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।