× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈঠার তালে প্রাণ ফিরে পেল মৃতপ্রায় করতোয়া

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ১৮:৫০ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ০০:১২ এএম

নৌকাবাইচে বৈঠার তালে তালে বগুড়ার বুক চিড়ে বয়ে যাওয়া মৃতপ্রায় করতোয়া নদী যেন প্রাণ ফিরে পেয়েছিল। প্রবা ফটো

নৌকাবাইচে বৈঠার তালে তালে বগুড়ার বুক চিড়ে বয়ে যাওয়া মৃতপ্রায় করতোয়া নদী যেন প্রাণ ফিরে পেয়েছিল। প্রবা ফটো

নৌকাবাইচে বৈঠার তালে তালে বগুড়ার বুক চিড়ে বয়ে যাওয়া মৃতপ্রায় করতোয়া নদী যেন প্রাণ ফিরে পেয়েছিল। জেলা পুলিশের আয়োজনে সোমবার (৯ অক্টোবর) এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড়ে হাজারও মানুষের ঢল নামে।

সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসতে থাকে দর্শনার্থীরা। শহরের মালতিনগর এসপি ব্রিজ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বেজোড়া ব্রিজ পর্যন্ত নৌকাবাইচ দেখতে স্থানীয় লোকজনের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন। বাইচ উপলক্ষে উল্লাসে মেতে ওঠেন তরুণ-তরুণীরাও। অনেকে নদীর তীরে জায়গা না পেয়ে পাশের ভবনের ছাদে নয়তো গাছের ডালে ওঠেন বাইচ দেখতে।


প্রতিযোগিতায় বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলার আটটি নৌকা অংশগ্রহণ করে। পরে চারটি দল উড়াল পঙ্খি, সততা, কিং খান ও রাখে আল্লা মারে কে সেমিফাইনালে প্রতিযোগিতা করে। পরে  উড়াল পঙ্খি বনাম সততার মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে গাবতলী উপজেলার বালিয়াদিঘীর কালাইহাটা গ্রামের উড়াল পঙ্খি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

বাইচ দেখতে আসা রামিশা ইসলাম নামে এক শিক্ষার্থী বলে, 'এই প্রথম নৌকাবাইচ দেখতে এসেছি। করতোয়াকে এখন নদীই মনে হয় না, মনে হয় একটি ড্রেন। কিন্তু আজ করতোয়া নদীকে খুব প্রাণবন্ত লাগছে। আমরা এমন প্রাণবন্ত করতোয়া দেখতে চাই।' 

নুরুল হক নামে এক ব্যক্তি বলেন, 'নৌকাবাইচ উপলক্ষে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি। অনেক দিন পর নৌকাবাইচ দেখলাম। সবাই মিলে উপভোগ করছি, খুব ভালো লাগছে। শহরের মধ্যে এখন তো তেমন নৌকাবাইচ দেখাই যায় না।'


নীলা খাতুন নামে এক গৃহবধূ বলেন, 'করতোয়া নদীতে বহুদিন পর নৌকাবাইচ হলো। বাইচ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। বাড়িতে আত্মীয়স্বজনরা বেড়াতে এসেছেন। বাড়ির কাজ-কর্ম শেষ করে সবাই মিলে নদীর পাড়ে বসে বাইচ উপভোগ করতে এসেছি।'

ষাটোর্ধ্ব হাসান আলী বলেন, 'একসময় করতোয়া নদী দেখার মতো ছিল। সেই নদীটা সবাই মিলে মেরে ফেলছে। আজ আনন্দ লাগছে আমাদের করতোয়া নদীতে নৌকাবাইচ হচ্ছে৷ আমরা চাই প্রতিবছর এই করতোয়া নদীতে নৌকাবাইচ হোক৷' 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় নদী বাঁচলে পরিবেশ বাঁচবে এই স্লোগানে নৌকাবাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এতে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম,  সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রাগেবুল আহসান রিপু বলেন, 'আমাদের একটাই কাজ, এখন করতোয়া নদীকে সঠিকভাবে রক্ষা করা। যত বড় শক্তিশালীই হোক তার বিরুদ্ধে জীবন বাজি রেখে আমরা লড়াই করে করতোয়ার প্রাণ ফিরিয়ে আনব।' 


পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, 'সকলের সহযোগিতায় এর আগে করতোয়া নদীর কচুরিপানা অপসারণ করা হয়েছে। নদীর প্রবাহে যেন প্রাণ ফিরে পেয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী এই করতোয়া নদী। নদীর নাব্য ফেরাতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনেক বড় ভূমিকা রাখবে।  এ ছাড়া করতোয়া নদী সংরক্ষণে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেটি অনুমোদন হয়ে গেছে। আমরা মনে করি, নদী বাঁচলে পরিবেশ বাঁচবে। তাই এই নদী সংরক্ষণে আমাদের সবার সচেতন হতে হবে।' 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। 

নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ট্রফিসহ একটি বড় ষাড় গরু এবং দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে একটি বড় খাসি পুরস্কার দেওয়া হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা