চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ১৮:১৩ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ১৯:০০ পিএম
ছিনতাই মামলায় গ্রেপ্তার তিনজন। প্রবা ফটো
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় মো. রুহুল আমিন নামের এক ব্যক্তির কাছ থেকে পেনশনের ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ অক্টোবর) মহানগর ডিবির বন্দর ও পশ্চিম জোনের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আলী হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন নুরুল হক সজিব ওরফে রাজীব, মো. মহিউদ্দিন বেল্লাল ওরফে বেলাল ও মো. রায়হান।
ডিসি মোহাম্মদ আলী হোসেন বলেন, গ্রেপ্তার তিনজনই পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। গত ১৭ সেপ্টেম্বর সেসব মামলার হাজিরা দিতে আদালতে এসে মিলিত হয় তারা। আদালত থেকে হাজিরা দিয়ে পরিকল্পিতভাবে পরেরদিন ফের তারা ছিনতাই করে।
তিনি বলেন, ছিনতাইয়ের শিকার মো. রুহুল আমিন রেলওয়ের কর্মচারী ছিলেন। এক বছর আগে তিনি চাকরি থেকে অবসরগ্রহণ করেন। তার পেনশনের টাকা ইসলামী ব্যাংক লিমিটেডের পাহাড়তলী শাখায় ছিল। তিনি টাকাগুলো সোনালী ব্যাংকের আগ্রাবাদ শাখায় রাখার সিদ্ধান্ত নেন। সেই লক্ষ্যে ১৮ সেপ্টেম্বর ব্যাংক থেকে ১৪ লাখ ৯৬ হাজার টাকা তোলেন। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। টাকা তোলার পর তিনি গাড়িতে ওঠার জন্য অলংকার মোড় যাচ্ছিলেন। সেসময় পেছন থেকে একটি অটোরিকশাযোগে ছিনতাইকারীরা এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
ডিবি কর্তকর্তা মোহাম্মদ আলী হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী রুহুল আমিন পাহাড়তলী থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্তভার ডিবিকে দেওয়া হয়। প্রায় ৪০টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।