কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৪ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩২ পিএম
টেকনাফ-সেন্টমার্টিন রুটে এমভি বার আউলিয়া নমে জাহাজ চলাচল শুরু করেছে। প্রবা ফটো
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর
টেকনাফ-সেন্টমার্টিন রুটে ‘এমভি বার আউলিয়া’ নামে একটি জাহাজ পরীক্ষামূলকভাবে
চলাচল শুরু করেছে।
মঙ্গলবার
(২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে
ছেড়ে যায় জাহাজটি। এ সময় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদের নেতৃত্বে
সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের দেড় শতাধিক লোক জাহাজে যাত্রী হিসেবে ছিলেন।
আবহাওয়া
অনুকূলে থাকলে বুধবার সকাল সাড়ে ৯টায় টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজটি
ছেড়ে যাবে। আবার বেলা সাড়ে ৩টায় সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা হবে।
২৭
সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে আয়োজিত বিচ কার্নিভ্যালকে কেন্দ্র
করে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত
জেলা প্রশাসক।
তিনি
জানান, নৌপথ পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসনের দল নিয়ে সেন্টমার্টিনে যাত্রা করেন তারা।
এ সময় উভয় পাড়ের জেটিঘাট, নাফ নদীর নাব্যসহ আনুষঙ্গিক নানা বিষয় খতিয়ে দেখা হয়।
টেকনাফ-সেন্টমার্টিন
রুটে জাহাজ চলাচল শুরু হয় চলতি বছরের ১৪ জানুয়ারি। পরে ১৮ মার্চ থেকে জেলা ও উপজেলা
প্রশাসন এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। ওই সময় টেকনাফ-সেন্টমার্টিন থেকে কেয়ারি সিন্দবাদ,
কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, আটলান্টিক, শহীদ আব্দুস সালাম, এমভি পারিজাত, এমভি রাজ
হংস, সুকান্ত বাবু, এমভি বে ক্রুজ এবং এমভি বার আউলিয়া জাহাজ চলাচল করত।
এ
বিষয়ে পর্যবেক্ষণ দলে থাকা কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) জ্যেষ্ঠ
সহ-সভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘নাফ নদীতে নাব্যসংকট ও একাধিক বালুচর জেগে ওঠায় গত বছর
পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। এ বছর যথাসময়ে
জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় কক্সবাজার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।’
এ
বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী
বলেন, ‘সবদিক বিবেচনা করে এমভি বার
আউলিয়াকে পর্যটক পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আবেদন অনুসারে অন্য জাহাজগুলো
চলাচলের ব্যাপারে বিবেচনা করা হবে।’
পর্যবেক্ষণ দলে আরও ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রায়হান উদ্দিন আহমেদ, পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা, ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।