শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৬ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৫ পিএম
সংগৃহীত ফটো
শেরপুরে চিকিৎসাধীন অবস্থায় মানিক মিয়া নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মারা গেছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
হাসপাতালের আরএমও ডা. খায়রুল কবির সুমন ও জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান বলেন, ‘সুরতহাল রিপোর্ট ও জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মানিক মিয়ার লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
জেলা কারাগার ও হাসপাতাল সূত্র জানান, মানিক মিয়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
মানিক মিয়া সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর গ্রামের হায়দর আলীর ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নগ্রাফি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন।