রাজশাহী অফিস
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪২ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৫ পিএম
রাজশাহী ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। প্রবা ফটো
এক দিনের সফরে রাজশাহী ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি নগরীর খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। সেখানে অবস্থিত ‘আমেরিকান কর্নার রাজশাহী’-এর উদ্বোধন করেন তিনি।
আমেরিকান কর্নার যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ উদ্যোগ। এর লক্ষ্য জ্ঞান বিনিময়, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের বিস্তার এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক জোরদার করা।
আমেরিকান কর্নার উদ্বোধনের পর পিটার হাস বলেন, ‘আমেরিকান কর্নার রাজশাহীর কার্যক্রমের সূচনালগ্ন থেকেই জ্ঞানের বিস্তার ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখতে স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীরা আমেরিকায় উচ্চতর ডিগ্রি নিতে নানা সুযোগ-সুবিধা পায়।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে যুক্তরাষ্ট্র এক্সচেঞ্জ কর্মসূচির প্রাক্তন শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এর আগে পিটার হাস ঢাকা থেকে সকালে বিমানে করে রাজশাহীতে আসেন। এরপর তিনি পুঠিয়া রাজবাড়ী ঘুরে দেখেন। পরে স্থানীয় নির্ধারিত কিছু সংবাদকর্মী ও তরুণদের সঙ্গে তিনি দুপুরের খাবার খান। সন্ধ্যায় বিমানে করে তিনি আবার ঢাকার উদ্দেশে রওনা দিবেন।