বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৬ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৪ পিএম
বাউফলের আলগী নদীর কালাইয়া মার্চেন্টপট্রি এলাকায় সার নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ। প্রবা ফটো
বাউফলের আলগী নদীতে ৯৭ টন সারবোঝাই এমবি লিমন পরিবহন নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রবিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১দিকে উপজেলার কালাইয়া মার্চেনপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ২৫ লাখ টাকার সার এবং কার্গোর প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
কার্গোচালক ও সারমালিক সূত্রে জানা যায়, বরিশালে বিসিআইসির বাফার গোডাউন থেকে উপজেলার বিসিআইসি সার ডিলার মিতালী এন্টারপ্রাইজের ৩০ টন ও চিত্ত মাস্টার স্টোরের ৫৭ টন সার নিয়ে জাহাজটি রবিবার বিকালে কালাইয়া মার্চেন্টপট্রি এলাকায় নোঙর করে। ওই দিন বিকালে ১৭ দশমিক ৫ টন সার খালাস করা হয়। রাতের ভাটায় পানি কমে গেলে শহররক্ষা বাঁধের সিসি ব্লকের সঙ্গে কার্গোর তলায় ধাক্কা লাগে। এতে তলা ফেটে পানি ঢুকে কার্গো তলিয়ে যায়।
মিতালী এন্টারপ্রাইজের মো. রাজিব বলেন, ‘কার্গোতে পানি ঢোকার খবর পেয়ে দৌড়ে আসি। স্থানীয় কিছু শ্রমিক নিয়ে ৪৪০ বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সার পানিতে তলিয়ে যায়।’
চিত্ত মাস্টার স্টোরের পরিচালক মো. যাদব বলেন, ‘আমার ৫৭ টন সার উদ্ধার করা সম্ভব হয়নি। তলিয়ে যাওয়া সারের বাজারমূল্য ২৪ লাখ ২৫ হাজার টাকা।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এইচএম শামীম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি দুর্ঘটনা। তারপরও অধিদপ্তর থেকে সহযোগিতার চেষ্টা করা হবে।’