সিলেট অফিস
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৪ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৫ পিএম
রানা ভূঁইয়া থেকে রাণী মুখার্জি। ছবি কোলাজ : প্রবা
সিলেটে হিজড়ার ছদ্মবেশে একটি চক্র নানা অপকর্ম করছে বলে অভিযোগ উঠেছে। নগরী ছাড়িয়ে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে তারা। চাঁদাবাজি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে তারা। সম্প্রতি রানা ভূঁইয়া ওরফে রাণী মুখার্জি নামে এক ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি হিজড়া সংগঠন অভিযোগ তুললে বেরিয়ে আসে এসব তথ্য।
সিলেট হিজড়া কল্যাণ সংস্থা ও হিজড়া যুবকল্যাণ সংস্থার দাবি অনৈতিক উপায়ে টাকা কামানোর জন্য ভান্ডারি রানা ভূঁইয়া নামে এক ব্যক্তি রাণী মুখার্জি নামে হিজড়ার ছদ্মবেশ ধারণ করেছেন। তিনি নেত্রকোণার কেন্দুয়া থানার আফিয়ারকোণা এলাকার মৃত জুবেদ আলীর ছেলে। সিলেট নগরীর দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় সাত-আট বছর ধরে অবস্থান করে বিভিন্ন জায়গায় অপকর্ম করে চলেছেন।
সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী ও সম্পাদক আলেয়া বলেন, রানা ভূঁইয়ার স্ত্রী ও সন্তান রয়েছে। সে হিজড়া সেজে হিজড়া ও নারীদের দিয়ে দেহ ব্যবসা করে। প্রশাসনের সঙ্গে সখ্য করে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। নগরীতে তার ১৫-২০টি ভাসমান চটপটির দোকান, হিজড়া অনলাইন টিভি, হিজড়া বাউল সংগঠন রয়েছে। এ ছাড়া চাঁদাবাজি করে, বিশেষ করে বিয়ের গাড়ি আটকিয়ে টাকা আদায় করে। টাকা না দিলে হামলা করে।
হিজড়া যুবকল্যাণ সংস্থার সভাপতি সুপ্তা বলেন, ‘রানা ভূঁইয়ার কারণে আমরা প্রকৃত হিজড়ারা অসহায়। সাধারণ মানুষ আমাদের ঘৃণার চোখে দেখে।’
রানা ভূঁইয়ার একসময়ের ঘনিষ্ঠ পায়েল বলেন, ‘এমন কোনো অপকর্ম বাকি নেই যেটা রানা করেনি। যখন জানতে পারলাম সে হিজড়া নয়, তখন তার সঙ্গে চলা বাদ দিয়ে হিজড়াদের সংগঠনে যোগ দিই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রানা ভূঁইয়া বলেন, ‘আমাকে সুন্দরীরা হিজড়া বানিয়েছে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তারা কেউই প্রকৃত হিজড়া নয়, তারা নকল হিজড়া। আমি কোনো অপকর্ম করিনি, তাদের অপকর্মের বিরোধিতা করায় অপপ্রচার চালাচ্ছে।’