সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ২১:২১ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৪ পিএম
ঢাকার আশুলিয়ায় সাহেরা বেগম (৫৫) নামে হাত-পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করার জন্য তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে সাহেরা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখানে তার খাবার হোটেলের ব্যবসা ছিল। টাঙ্গাইলের দেলদুয়ার থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী সাহেরা বেগম খাবার হোটেলের পাশেই দ্বিতল ভবনে একটি ভাড়া বাসায় থাকতেন। একই ফ্ল্যাটে উজ্জ্বল নামে এক যুবককে সাবলেট ভাড়া দেওয়া হয়েছিল।
নিহতের মেয়ে রুমা জানান, তাদের বাসায় জমি কেনার ৫ লাখ টাকা ছিল। তার মাকে হত্যা করে টাকা, মোবাইল নিয়ে গেছে পাশের ঘরের উজ্জ্বল নামে ওই ভাড়াটিয়া। সকাল থেকেই তাকে পাওয়া যায়নি।
আশুলিয়া থানার এসআই সোহেল মোল্লা জানান, পুলিশের ধারণা তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত নয়। পরিবারের দাবি অনুযায়ী পাশের বাসার ওই ভাড়াটিয়াকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত চলছে। তার মোবাইল বন্ধ রয়েছে, প্রযুক্তির সহযোগিতার তার খোঁজখবর নেওয়া হচ্ছে।