মধ্যাঞ্চল প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৫:৪২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২২ ১৬:০১ পিএম
কিশোরগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিতির একাংশ। ছবি : প্রবা
কিশোরগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ, পৌরমেয়র মাহমুদ পারভেজ, নারীনেত্রী বিলকিস বেগম, চেম্বার সভাপতি মজিবুর রহমান বেলাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কিশোরগঞ্জে নরসুন্দা নদীর ওয়াকওয়েতে কিশোর গ্যাংয়ের আনাগোনা বেড়ে গেছে। ফলে মধ্যবয়সী নারী-পুরুষ দৈনন্দিন হাঁটাহাঁটি বন্ধ করে দিয়েছেন। এতে করে বিপাকে পড়েছেন বিভিন্ন বয়সের মানুষ।
তারা আরও বলেন, ওয়াকওয়েতে বখাটেরা সম্প্রতি মোটরসাইকেল চালিয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। শহরের অলিগলি, পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বেড়ে যাওয়ায় স্কুল-কলেজগামী কিশোরী ও মধ্যবয়সি নারীরা সন্ধ্যার পর প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। ফলে ভুক্তভোগী নারীরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে না পেরে বিড়ম্বনায় শিকার হচ্ছেন।
সভায় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান সবুজ বলেন, ভৈরবে কিশোর গ্যাং নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। তাদের হাতে মানুষ মারপিটসহ জখম হচ্ছে। লুটপাটসহ খুনের মতো ঘটনায় জড়িত হয়ে পড়ছে তারা। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করতে হলে অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিশেষ উদ্যোগ ও ব্যবস্থা নিতে হবে। তাছাড়া পুলিশবাহিনীসহ ওসিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো মূল্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রুখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রস্তুত ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া রয়েছে।
প্রবা/আরএম/টিই