কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৮:৩৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৯:৫৬ পিএম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। প্রবা ফটো
আটক নেতাদের খাবার ও ফুল পাঠানো শিষ্টাচারকে বিএনপির কাছে নাটক মনে হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, ’বিএনপি নেতাদের মধ্যে কোনো সভ্যতা বা শিষ্টাচার নেই। তাই শিষ্টাচারবর্জিত দলের নেতাদের কাছে সবকিছু নাটক বলেই মনে হবে।’
রবিবার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে মির্জা ফখরুলের মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ’জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিএনপি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত। সবার ধারণা ছিল বিএনপি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আসবে। কিন্তু ‘চোরে না শোনে ধর্মের কাহিনী’। বিএনপি তার স্বভাব-চরিত্র থেকে যে বেরিয়ে আসতে পারেনি, তা আবারও প্রমাণিত হয়েছে।’
তিনি বলেন, ’১৮ ও ১৯ জুলাই বিএনপি সমাবেশের নামে বিভিন্ন জায়গায় গোলযোগ করার চেষ্টা করেছিল। পরে তারা অবরোধের নামে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত করে তোলে। পুলিশের ওপর হামলা চালিয়ে ও গাড়িতে আগুণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এতেই প্রমাণিত হয়, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি।’
সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ’অতীতে যেমন বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হয়েছিল, আগামীতেও জনগণের জানমাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবে সরকার।’
তারেক রহমানকে ‘চোরা নেতা’ আখ্যা দিয়ে হানিফ বলেন, ’সন্ত্রাসী, চুরি, লুটপাট ও দুর্নীতি করে দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি লন্ডনে পলাতক আছেন। সেখান থেকে জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে কথা বলে, তাতে বোঝাই যায় বিএনপি নেতাদের মধ্যে কোনো সভ্যতা নেই।’