× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৯ জনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ২২:০৫ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ২২:১৫ পিএম

আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ তিনজন নিহত হয়। প্রবা ফটো

আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ তিনজন নিহত হয়। প্রবা ফটো

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। 

নারায়ণগঞ্জ

জেলার ফতুল্লায় পোশাক কারখানায় আগুন নেভাতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালক ও পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। সোমবার (২৪ জুলাই) সকালের দিকে চাষাঢ়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন, অটোরিকশাচালক সিরাজুল ইসলাম ও পথচারী শাহাবুদ্দিন শাবু। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের প্রধান কর্মকর্তা শাহজাদী সুলতানা প্রতিদিনের বাংলাদেশকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, আগুন নেভাতে যাওয়ার পথে চাষাঢ়ায় পৌঁছলে ফায়ার সার্ভিসের গাড়িচালক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকারসহ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হয়।

এ ছাড়া তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ছয়জন। সোমবার নারায়ণগঞ্জ ছাড়াও ফরিদপুর, ঢাকা, ফেনীতে এসব দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া (ঢাকা)

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের বিপরীতে ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ এনামুল শাহের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার পাইসানা গ্রামে। তিনি আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকায় থাকতেন। নিহত আরেক সহযাত্রী আল মামুন। তিনি বরিশালের হিজলা থানার বাসিন্দা। আশুলিয়ার জিরানি এলাকায় একটি দোকানে চাকরি করতেন তিনি।

ফরিদপুর (ভাঙ্গা)

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত হয়েছেন আপন দুই ভাই। গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার বেলা ৩টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার হাসামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মেহেরপুর সদরের নতুন দরবেশপুর এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান ও তার ছোট ভাই হামিম রহমান। আহত হয়েছেন শিপন নামে একজন।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, বিকাল ৩টার দিকে তারা ঢাকায় যাওয়ার জন্য বগাইল টোল প্লাজার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইলিশ পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে বড় ভাই ও হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাই মারা যান।

ফেনী

দাঁড়িয়ে থাকা লরির পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে ফেনী-পরশুরাম সড়কের পুরাতন মুন্সিরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলগাজীর পূর্বঘনিয়া মোড়া এলাকার ৭০ বছর বয়সি এয়ার আহমদ এবং পরশুরামের মালিপাথর এলাকার ৪০ বছর বয়সি আবদুর রহিম।

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, নিহত দুই যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা