মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৬:১০ পিএম
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে নিবন্ধিত সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে- সরকার এমনটাই প্রত্যাশা করে। আমরা চাই একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, যাতে জনগণ তাদের সুস্পষ্ট রায়টা দিতে পারে।’
সোমবার (২৪ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বার্ষিক বাজেট পরিকল্পনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সময়কাল থেকেই বিভিন্ন দেশি-বিদেশি এনজিওগুলো পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারও তাদের সার্বিক সহযোগিতা করে আসছে।’
এ সময় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান মিস রোকেয়া ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ২০২৩-২৪ অর্থবছরে চার হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়।