বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৯:০০ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৯:১৬ পিএম
চিতলমারী থানা, বাগেরহাট। প্রবা ফটো
বাগেরহাটের চিতলমারীতে রান্না ঘরের টিনের চালা সংস্কারের জন্য বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার বড়গুনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বড়গুনী গ্রামের আসাদ শেখ ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা।
চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে গৃহকর্তা আসাদ শেখ কাঠমিস্ত্রী নাসিম মোল্লাকে সঙ্গে নিয়ে রান্না ঘরের টিনের চালা সংস্কারের কাজ করছিলেন। এ সময় টিনের চালার উপরে থাকা একটি বৈদ্যুতিক বাল্ব খোলার সময় কাঠমিস্ত্রী নাসিম মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। কাঠমিস্ত্রীকে উদ্ধার করতে গিয়ে আসাদ শেখও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অপূর্ব বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।