বরিশাল অফিস
প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৪:১৮ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৫:৩০ পিএম
বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল দখলকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
বরিশালের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁইয়া বলেন, বাস টার্মিনালে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকরা জানান, সকাল ১০টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালে মহানগর শ্রমিক লীগের কমিটি বাতিলের দাবিতে মিছিল করেন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতপন্থি আফতাব হোসেনের অনুসারীরা। অন্যদিকে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বর্তমান মেয়র সাদিকপন্থি শ্রমিক নেতা ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা আরেকটি মিছিল নিয়ে টার্মিনালে প্রবেশ করেন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহানগর শ্রমিক লীগের সদ্যসাবেক সভাপতি আফতাব হোসেন বলেন, বরিশাল ছাত্রলীগের বিতর্কিতদের দিয়ে মহানগর শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। আমরা ওই কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ জানালে অতর্কিত হামলা চালায় সাদিকপন্থি লোকজন।
কামাল হোসেন লিটন মোল্লা বলেন, আফতাবের নেতৃত্বে বাস শ্রমিক ইউনিয়নের পকেট কমিটি বানানোর পাঁয়তারা করা হচ্ছে। শ্রমিকরা তার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছিল। কিন্তু সংবাদ সম্মেলন বানচাল করতে এবং বাসস্ট্যান্ডের দখল নিতে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। এ সময় তারা সড়ক অবরোধ করেন। পরে পুলিশের অনুরোধে ও জনদুর্ভোগের কথা চিন্তা করে তা তুলে নেওয়া হয়।