দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৭:৫৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৮:৫৪ পিএম
দুর্ঘটনাকবলিত বাসটি দেখছেন উৎসুক জনতা। প্রবা ফটো
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।
রবিবার (১৬ জুলাই) সকাল ও দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।
দুপুর ২টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের দিনাজপুর কোতোয়ালি থানার পাঁচবারিহাট এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে বাসের হেলপার আবু বক্কর নিহত হন। আহত হয় কমপক্ষে ১০ জন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু বক্কর কোতোয়ালি থানার গোয়ালপাড়া উমরপাইল এলাকার মৃত আফতাব উদ্দীনের ছেলে।
তানভিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে রোগী দেখতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় নিহত হন আব্দুল মালেক মণ্ডল নামের একজন। আহত হয়েছেন তার স্ত্রী। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের টাটকপুর বেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।