কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৫:০৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৫:১৯ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত কাপ্তাই ফায়ার সার্ভিস কর্মী জয় চৌধুরী ও তার ভাই অন্তু তালুকদার। প্রবা ফটো
চট্টগ্রামের রাউজানে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় মামাতো-ফুপাতো দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বৈজ্জালী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা জয় চৌধুরী। তিনি কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার পদে কর্মরত। আরেকজন রাঙ্গুনিয়ার শান্তিরহাট পোমরা এলাকার বাসিন্দা অন্তু তালুকদার। দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় সুমন বলেন, খালাতো ভাইয়ের বিয়ের বাজার করতে তারা একসঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। সড়ক দুর্ঘটনায় আহত হলে স্থানীয়রা গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কাপ্তাই ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, 'দুই দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন জয় চৌধুরী। পরে আমরা তার মৃত্যুর খবরটা পেয়ে জয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় আমরা কাপ্তাই ফায়ার স্টেশনের সবাই মর্মাহত।'